এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেন। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে পারবে। এ জন্য ওয়েবসাইটের 'Result' বিভাগে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর দিতে হবে।
অন্যদিকে, শিক্ষার্থীরা একই ওয়েবসাইট অথবা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল জানতে পারবেন।
এ ছাড়া মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। এখানে 'DHA'-এর পরিবর্তে নিজ নিজ শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর এবং '123456'-এর জায়গায় পরীক্ষার রোল নম্বর বসাতে হবে।
ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
Comments