সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত বাকি ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বাকি সাত বাংলাদেশি শ্রমিকের মরদেহ দেশে পৌঁছেছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরে সেগুলো নেওয়া হবে নিহতদের গ্রামের বাড়ি নওগাঁ ও নাটোরে।
গত ৯ আগস্ট রিয়াদের ওই সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারান ১৬ বাংলাদেশি শ্রমিক। তাদের মধ্যে প্রথম দফায় নয়জনের মরদেহ গত ২৭ আগস্ট দেশে ফিরিয়ে আনা হয়।
অন্য সাতজনের মরদেহ আগুনে পুড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় শুরুতে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো দেশে পাঠানো হয়।
শনাক্ত হওয়া সাতজন হলেন—নওগাঁ সদর উপজেলার মো. শাহিন, আত্রাই উপজেলার মো. হাসিবুল হাসান শুভ, মিনহাজ প্রামাণিক, মো. মাসিদুল সরদার সজিব ও মো. সাগর আলী এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার মোহাম্মদ শামীম ও মো. সাব্বির হোসেন।
Comments