স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনের পরিধি বাড়বে- নাহিদ ইসলাম
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনের পরিধি আরও বড় হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। সরকারের ব্যর্থতার দায় নিয়ে দুই মন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে দাবি করে তিনি বলেন, অন্যথায় দাবি আদায়ে মিছিল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘেরাও করা হবে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপি আয়োজিত বিশাল গণবিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে নাহিদ ইসলাম বলেন, গত এক সপ্তাহ ধরে এনসিপির নেতাকর্মীরা ঢাকার বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাসের তীব্র সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মানুষের জীবন আজ অতিষ্ঠ। দেশের সাধারণ মানুষের ন্যূনতম নিরাপত্তা নেই বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ পরিচালনার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই; বরং তাদের দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজির পরিকল্পনা স্পষ্ট হয়ে উঠেছে। বিএনপির ভেতরেই এখন 'নব্য স্বৈরাচার'-এর উত্থান ঘটছে বলে মন্তব্য করেন তিনি।
দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, আগামী ডিসেম্বরে পতিত স্বৈরাচারের দেশে ফেরার গুঞ্জন রয়েছে। অতীতে যারা নিজেদের নেতাকর্মীদেরই রক্ষা করতে পারেনি, তারা দেশের সাধারণ জনগণকে কীভাবে রক্ষা করবে—এমন প্রশ্নও তোলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, সীমান্তে হত্যা বন্ধে ব্যর্থতা, হিন্দু সম্প্রদায়কে ঘিরে বিভিন্ন ষড়যন্ত্র এবং পাহাড়ে নতুন করে অশান্তি তৈরির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে। এসব চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
Comments