এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আগামীকাল, যেভাবে জানা যাবে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার প্রকাশিত হতে যাচ্ছে। আগামীকাল সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পরপরই পরীক্ষার্থীরা ঘরে বসে অনলাইন ও মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই তা জানতে পারবেন।
শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য ফল সংগ্রহের বিস্তারিত পদ্ধতি প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
যেভাবে অনলাইনে ফল জানা যাবে পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষা বোর্ডগুলোর যৌথ ওয়েবসাইট ([https://eduboardresults.gov.bd](https://eduboardresults.gov.bd) অথবা [https://educationboardresults.gov.bd](https://educationboardresults.gov.bd)) কিংবা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফল দেখতে ও মার্কশিটসহ ফলাফল ডাউনলোড করতে পারবে।
এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বোর্ডের ওয়েবসাইটের 'রেজাল্ট' কর্নারে গিয়ে প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে পুরো ফলাফলের শিট ডাউনলোড করতে পারবে। পরীক্ষার্থীরা চাইলে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও সরাসরি ফল সংগ্রহ করতে পারবেন।
যেভাবে এসএমএসে ফল জানা যাবে যেকোনো মোবাইল অপারেটরের নম্বর থেকে এসএমএস পাঠিয়ে খুব দ্রুত ফল জানতে মেসেজ অপশনে গিয়ে নিচের নিয়মে টাইপ করে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে:
HSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৬ (উদাহরণ: HSC Dha ১২৩৪৫৬ ২০২৬ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে)
উল্লেখ্য, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিস থেকে সরাসরি কোনো ফলাফল বিতরণ করা হবে না।
পুনর্নিরীক্ষার আবেদন প্রকাশিত ফলাফলে কোনো শিক্ষার্থী অসন্তুষ্ট হলে তাঁর জন্য উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের সুযোগ থাকবে। আগামী ১ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে এই আবেদন করা যাবে। পুনর্নিরীক্ষার বিস্তারিত নিয়মাবলি ও ফি প্রদানের প্রক্রিয়া শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
পরীক্ষার্থী ও কেন্দ্রের তথ্য আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বাসসকে বলেন, শিক্ষার্থীরা যাতে কোনো ভোগান্তি ছাড়াই দ্রুত ফল জানতে পারেন, সে জন্য অনলাইন ও এসএমএস—উভয় মাধ্যমেই সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। সারা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
Comments