রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
পাবনার ঈশ্বরদীতে দেশের মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের 'পাওয়ার স্টার্টআপ' বা বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর আনুষ্ঠানিক অনুমোদন দেয়।
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর কঠোর গাইডলাইন ও রাশিয়ার সহযোগিতায় নির্মিত এই প্রকল্পের প্রথম ইউনিটের 'বি ওয়ান' স্টেজ সাফল্যের সঙ্গেই শেষ হয়েছে। এর আগে সর্বশেষ স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষার জটিলতাও সফলভাবে কাটিয়ে ওঠা হয়।
অনুমোদন পাওয়ার পর এবার চুল্লিতে প্রথমবারের মতো 'ক্রিটিক্যালিটি' বা স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন (পরমাণুর বিভাজন) তৈরি করা হচ্ছে। এটি এমন একটি পর্যায়, যেখানে চুল্লিতে ধীরে ধীরে স্থায়ী ও নিরাপদভাবে শক্তি বা বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।
পরিকল্পনা অনুযায়ী, এই ধাপে ধাপে সফলভাবে কাজ এগিয়ে যখন ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে পৌঁছাবে, তখন তা বাণিজ্যিকভাবে জাতীয় সঞ্চালন লাইনে (ন্যাশনাল গ্রিড) যুক্ত করা হবে।
Comments