রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই অনুমোদন দিয়েছে।
এর মাধ্যমে এই ধাপে প্রথমবারের মতো চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ, চুল্লির ভেতরে ধীরে ধীরে স্থায়ী ও নিরাপদভাবে শক্তি বা বিদ্যুৎ উৎপাদনের পথ উন্মুক্ত হলো। এর আগে কেন্দ্রটির সব ধরনের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর গাইডলাইন অনুযায়ী এবং রাশিয়ার প্রযুক্তিগত সহযোগিতায় নির্মিত এই প্রকল্পের প্রথম ইউনিটের 'স্টেজ বি-ওয়ান' পর্যায় মোটামুটি সফলভাবে শেষ হয়েছে। সবশেষ স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষার জটিলতাও কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।
এর পরবর্তী ধাপ হচ্ছে 'বি-টু'। এই ধাপে প্রাথমিক অপারেশনের জন্য পারমাণবিক চুল্লিকে পুরোপুরি প্রস্তুত করা হয়। এরপরই আসে 'ক্রিটিক্যালিটি' বা চূড়ান্ত পর্যায়, যেখানে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশনের মাধ্যমে চুল্লিতে স্থায়ী ও নিরাপদ বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। উৎপাদিত বিদ্যুৎ ধাপে ধাপে বাড়িয়ে ৩০০ মেগাওয়াটে উন্নীত হলে তা বাণিজ্যিকভাবে জাতীয় সঞ্চালন লাইনে (ন্যাশনাল গ্রিড) সরবরাহ করা হবে।
এদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরের প্রারম্ভিক লোডিং বা জ্বালানি ভরার কাজের জন্য প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি সরবরাহ ইতিমধ্যেই শুরু করেছে রাশিয়া।
Comments