সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদুর রহমান
সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম মূলত মানুষের রাগ, ক্ষোভ ও নেতিবাচক অনুভূতিকে কেন্দ্র করে তৈরি হওয়ায় সেখানে ভুয়া তথ্য বা অপপ্রচার খুব দ্রুত ছড়িয়ে পড়ে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদুর রহমান। তিনি বলেন, বিশেষ করে বয়স্ক বা সিনিয়র সিটিজেনরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এসব অপতথ্যের সত্যতা অনেক সময় যাচাই করতে পারছেন না।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ বলেন, মানুষ সাধারণত অপ্রিয় সত্যের চেয়ে নিজের পছন্দসই ও আরামদায়ক তথ্যগুলোই বেশি বিশ্বাস করতে আগ্রহী। তিনি মনে করেন, অপতথ্য ও গুজব প্রতিরোধে কেবল তথ্য যাচাই বা ফ্যাক্ট-চেক করার চেয়ে ডিজিটাল লিটারেসি বা ডিজিটাল সাক্ষরতা বাড়ানো অনেক বেশি কার্যকর।
অপতথ্য মোকাবিলায় কঠোর আইনি কাঠামোর প্রয়োগের পাশাপাশি দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল মিডিয়া শিক্ষায় বিশেষ জোর দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
Comments