‘দাদাগিরি’ ছেড়ে ‘বিগ বস বাংলা’য় সৌরভ, সিদ্ধান্তের পেছনে কারণ কী ?
জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো 'দাদাগিরি'র সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে এবার নতুন ভূমিকায় সৌরভ গাঙ্গুলি। স্টার জলসার 'বিগ বস বাংলা'র সঞ্চালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তাকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। কেন পরিচিত মঞ্চ ছেড়ে নতুন অনুষ্ঠানে যোগ দিলেন ভারতের সাবেক এই ক্রিকেট অধিনায়ক? সম্প্রতি সেই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি নিজেই।
দীর্ঘ প্রায় এক দশক ধরে 'দাদাগিরি'র সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন সৌরভ। তার সাবলীল উপস্থাপনা, রসবোধ ও স্বতঃস্ফূর্ত আচরণ অনুষ্ঠানটিকে দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয় করে তোলে। তবে একই অনুষ্ঠানে দীর্ঘ সময় কাজ করার পর নতুন ধরনের অভিজ্ঞতা অর্জনের ইচ্ছা থেকেই এই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি 'টাফ টক উইথ ঋতব্রত' পডকাস্টে অংশ নিয়ে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দেন সৌরভ। নতুন চ্যালেঞ্জ গ্রহণের প্রসঙ্গে ক্রিকেটের উদাহরণ টেনে তিনি বলেন, 'অনেক দিন করেছি (দাদাগিরি)। অনেক দিন তিন নম্বরে ব্যাট করেছি। এখন চার নম্বরে ব্যাট করার সময়।'
সৌরভের এই বক্তব্য থেকেই স্পষ্ট, দীর্ঘদিনের পরিচিত গণ্ডি পেরিয়ে এবার ভিন্ন ধরনের অনুষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা নিতে চান তিনি। তবে 'বিগ বস বাংলা'র সঞ্চালক হওয়ার পেছনে বড় অঙ্কের পারিশ্রমিকের বিষয়টি নিয়ে যে আলোচনা চলছে, সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি।
দুই অনুষ্ঠানের পার্থক্য প্রসঙ্গে সৌরভের বক্তব্যেও উঠে এসেছে নিজের স্বতন্ত্র পরিচয়ের কথা। তার মতে, অনুষ্ঠানের নাম বদলালেও মানুষের কাছে তার পরিচয় একই থাকবে। 'দাদাগিরি' কিংবা 'বিগ বস'—দুটিই মূলত অনুষ্ঠানের নাম; দর্শকের কাছে তিনি সেই চেনা 'দাদা'।
এদিকে, স্টার জলসার সঙ্গে সৌরভের চুক্তির অঙ্ক নিয়েও আলোচনা চলছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চার বছরের জন্য প্রায় ১২৫ কোটি রুপির চুক্তি হয়েছে তার। এই চুক্তির আওতায় দুটি অনুষ্ঠান সঞ্চালনার কথা রয়েছে। 'বিগ বস বাংলা'র পাশাপাশি একটি কুইজভিত্তিক রিয়েলিটি শোতেও দেখা যেতে পারে তাকে। তবে দ্বিতীয় অনুষ্ঠানটির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
সৌরভ আরও জানান, 'দাদাগিরি'র সঞ্চালক হওয়ার প্রস্তাব পাওয়ার পর অভিনেতা দেবের সঙ্গে তার কথা হয়েছিল। দেব তাকে নিজের স্বাভাবিক উপস্থাপনার ধরন বজায় রাখার পরামর্শ দিয়েছিলেন। অন্য কারও মতো হওয়ার চেষ্টা না করে নিজের ব্যক্তিত্ব অনুযায়ী অনুষ্ঠান পরিচালনা করাই ছিল সেই পরামর্শের মূল কথা।
বর্তমানে দেবের সঞ্চালনায় 'দাদাগিরি' দেখছেন সৌরভ। অনুষ্ঠানটি তার ভালো লাগছে বলেও জানিয়েছেন তিনি।
অন্যদিকে, 'বিগ বস বাংলা'য় সৌরভের উপস্থাপনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সমালোচনা থাকলেও নতুন এই দায়িত্বের মধ্য দিয়ে দর্শকদের সামনে নিজেকে অন্যভাবে তুলে ধরার সুযোগ পাচ্ছেন তিনি। এখন দেখার বিষয়, ক্রিকেটের মাঠের মতো টেলিভিশনের এই নতুন মঞ্চেও কতটা সাফল্য পান 'মহারাজ'।
Comments