তদন্ত ও ময়নাতদন্তের আগে কিছু বলা সম্ভব নয়—স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির মৃত্যুর প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, 'আমি এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাচ্ছি না। প্রাথমিক তদন্ত ও পোস্টমর্টেমের প্রতিবেদন পাওয়ার পরই সব বিষয় জেনে বিস্তারিত বলা যাবে।'
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে গত বুধবার বিকেলে রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ী এলাকার তুরাগ নদের ঘাট থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। সৌরি রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন। নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছিলেন।
বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদায় চাকরি ফিরে পাওয়া ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের প্রশিক্ষণ কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে সাবেক এই সেনা কর্মকর্তার মৃত্যু প্রসঙ্গে তিনি আরও বলেন, অপরাধ সংঘটিত হওয়ার পর অপরাধীদের শনাক্ত করা, গ্রেপ্তার করা, তদন্ত ও বিচার সম্পন্ন করার ক্ষেত্রে বর্তমান সরকার সফল। যদিও দু-একটি ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'কে কখন আসতে চাচ্ছে বা চাচ্ছে না, তা নিয়ে আমরা মোটেও বিচলিত নই। আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর; যে-ই আসুক না কেন, তাদের আইন অনুযায়ী হেফাজতে নেওয়া হবে।'
আওয়ামী লীগকে একটি 'নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল' উল্লেখ করে তিনি বলেন, 'তারা একটি স্বৈরতান্ত্রিক ও মাফিয়া শক্তি ছিল এবং অরাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রমাণিত করে গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জাতিসংঘের হিসাব মতে ১৪০০-এর বেশি এবং আমাদের হিসাব মতে দুই হাজারের বেশি মানুষকে হত্যা ও গণহত্যা চালিয়েছে তারা। কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ক্ষমা প্রার্থনা বা দুঃখ প্রকাশ করেনি।'
উল্টো ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে তারা জঙ্গিবাদী তকমা দিতে চেয়েছিল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা যে আবার গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে ফিরতে চায়, এ দেশের জনগণ তা কখনো গ্রহণ করবে না এবং সে সুযোগও দেবে না।
এ সময় বর্তমান সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশংসা করে তিনি জানান, সরকার ক্ষমতা নেওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বোমার ঘটনা কিংবা হেফাজতে মৃত্যুর মতো ঘটনা ঘটেনি।
Comments