কুষ্টিয়ায় ছয় হত্যা মামলা: মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
রায়ে অন্য তিন আসামি—কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে দণ্ডপ্রাপ্ত চার আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।
আদালত রায়ে হানিফসহ চার আসামির মোট সম্পত্তির ৫০ শতাংশ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন এবং বাজেয়াপ্ত করা এই সম্পত্তি জুলাইয়ের অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের মধ্যে বণ্টনের আদেশ দেন।
মামলার বিচারিক প্রক্রিয়ার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ২ নভেম্বর এই চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরুর আদেশ দিয়েছিল ট্রাইব্যুনাল-২। এরপর বিভিন্ন পর্যায়ে তদন্ত কর্মকর্তাকে জেরা এবং ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। পরবর্তীতে প্রসিকিউশনের পক্ষ থেকে অতিরিক্ত প্রমাণাদি দাখিল করায় পুনরায় যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। গত ১০ জুন প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি-পাল্টাযুক্তি উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়েছিল।
আসামিদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে উসকানিমূলক বক্তব্য প্রদান, সুনির্দিষ্ট ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ছয়জনকে নৃশংসভাবে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে।
Comments