বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ উদ্যোক্তা তৈরিতে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু গতানুগতিক চাকরিপ্রত্যাশী তৈরি না করে, দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরিতে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, "পরিবর্তিত বিশ্বপরিস্থিতি ও প্রযুক্তিনির্ভর আধুনিক অর্থনীতির চাহিদা বিবেচনায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি উদ্ভাবনী চিন্তা, গবেষণা এবং উদ্যোক্তা সক্ষমতা বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।"
এ সময় প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা, গবেষণা এবং চলমান প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে বিস্তারিত অবহিত করেন। তারা জানান, যুগের চাহিদার সঙ্গে সংগতি রেখে বিশ্ববিদ্যালয়টিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং আধুনিক প্রযুক্তিভিত্তিক বিভিন্ন বিষয়ে পাঠদান ও বিশেষ প্রশিক্ষণ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীকে স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। তাঁর স্মৃতিবিজড়িত এই বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের গুণগত মানসম্মত উচ্চশিক্ষা দেওয়ার পাশাপাশি যুগোপযোগী জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে দেশের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments