আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের কার্যালয়ে ঢুকে তাঁকে মারধর করার অভিযোগ উঠেছে। বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে সংস্থাটির কার্যালয়ে এই অনভিপ্রেত ঘটনা ঘটে। আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকি অভিযোগ করেছেন, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা মব বা জনতা সৃষ্টি করে এই হামলা চালিয়েছে।
জানা গেছে, অধ্যাপক কাজী আহমেদ নিজের কক্ষে কতিপয় ব্যক্তির সঙ্গে মিটিং করছিলেন। এ সময় হঠাৎ ৮-৯ জন লোক তাঁর কক্ষে প্রবেশ করেন এবং তাঁকে চেয়ার থেকে টেনেহিঁচড়ে তুলে মারধর শুরু করেন।
আইইডিসিআর সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা। এটি দেশের রোগ পরিস্থিতি পর্যবেক্ষণ, গবেষণা এবং সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও যুক্তরাষ্ট্রের সিডিসির মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করে থাকে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর খ্যাতনামা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক কাজী আহমেদকে এই প্রতিষ্ঠানের পরিচালক পদে নিয়োগ দেয়। সম্প্রতি তিনি হামের টিকার কার্যকারিতা নিয়ে গবেষণা পরিচালনা করেছিলেন।
অন্যদিকে, ঘটনার সময় কক্ষে উপস্থিত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক জনস্বাস্থ্যবিদ জানান, হামলাকারীদের তিনি এর আগে কখনো আইইডিসিআরে দেখেননি।
আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রখ্যাত জনস্বাস্থ্যবিদ মুশতাক হোসেন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, দপ্তরে ঢুকে একজন পরিচালককে এভাবে মারধর করা অত্যন্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয় ঘটনা। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।
Comments