প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় বাংলা প্রেসক্লাব ইতালির পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগ
প্রবাসের নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি ছড়িয়ে দেওয়া এবং প্রবাসীদের পাঠের অভ্যাস ধরে রাখার লক্ষ্যে ইতালিতে একটি সমৃদ্ধ পাঠাগার স্থাপনের দাবি জানিয়েছে বাংলা প্রেসক্লাব ইতালি।
বাংলাদেশের প্রকাশনা প্রতিষ্ঠান পাঞ্জেরী পাবলিকেশন্স লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও লেখক কামরুল হাসান শায়কের ইতালি আগমন উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে এই দাবি উত্থাপন করা হয়। সাহিত্যিক, সাংবাদিক ও কমিউনিটি নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত আড্ডায় পরিণত হয়।
বাংলা প্রেসক্লাব, ইতালি-র আয়োজনে রবিবার সন্ধ্যায় রোমের একটি কাফি শপে এই আলাপচারিতা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মিনহাজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক লাবণ্য চৌধুরী ও প্রচার সম্পাদক জায়েদুল হক সোহেল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সহ সভাপতি মাইনুল আলম খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, বৃহত্তর নোয়াখালী সমিতি ইতালির সভাপতি আলাউদ্দিন শিমুল, কবি ও সাহিত্যিক আলতাফ হোসেন, নোয়াখালী ওয়েলফেয়ার অ্যাসিয়েশন এর সভাপতি এ কে আজাদ, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোজাম্মেল হোসেন মোল্লা, নজরুল ইসলাম নারী নেত্রী জহুরা ঈশিতা, বৃহত্তর সিলেট ইয়াং ষ্টার ক্লাবের সভাপতি প্রিন্স হাসান আহমেদ সহ ইতালি প্রবাসী বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত থেকে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, প্রবাস জীবনের চরম কর্মব্যস্ততার মাঝেও মাতৃভাষার চর্চা ধরে রাখা এবং নিজেদের শেকড়ের সাথে নিবিড় যোগাযোগ রাখার জন্য বইয়ের কোনো বিকল্প নেই। ইতালিতে বসবাসরত প্রবাসী বাঙালি ও নতুন প্রজন্মকে বাংলা সাহিত্যের বৈচিত্র্যময় রূপের সাথে পরিচয় করিয়ে দিতে একটি স্থায়ী পাঠাগার প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি।
অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি, পাঞ্জেরী পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান শায়ক প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে বাংলা প্রেসক্লাব ইতালির এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি ভবিষ্যতে ইতালিতে প্রস্তাবিত পাঠাগারটি বাস্তবায়নে পাঞ্জেরী পাবলিকেশন্সের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও বই প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে লেখক কামরুল হাসান শায়ককে বাংলা প্রেসক্লাব ইতালির পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
Comments