আইএসে যোগদানের দায়ে ইরাকে ৬ ফরাসি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়ার অপরাধে ছয় ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ইরাকের একটি আদালত। এছাড়া একই মামলায় অপর এক ফরাসি নাগরিককে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী এই তথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, দণ্ডিত ব্যক্তিরা সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের আটককেন্দ্রে থাকা আইএসের ৪৭ জন ফরাসি সন্দেহভাজনের দলভুক্ত ছিলেন। গত বছর মার্কিন বাহিনী ও ইরাকি কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে বৃহত্তর স্থানান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের ইরাকে নিয়ে আসা হয়। বিচারক জানিয়েছেন, আইএসে যোগদান এবং আতঙ্ক সৃষ্টির দায়ে ইরাকের সন্ত্রাসবিরোধী আইনে এই সাজা দেওয়া হয়েছে। তবে আসামিরা বয়সে তরুণ হওয়ায় মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ১৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত সপ্তম ফরাসি নাগরিকের বয়স ২৩ বছর।
আসামিপক্ষের আইনজীবী আব্বাস আল-মালিকি জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে তারা ইরাকের সর্বোচ্চ আপিল আদালতে আপিল করবেন। গত মাসে ফরাসি এই নাগরিকদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়েছিল। উল্লেখ্য, ২০১৪ সালে আইএস ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা দখল করলেও ২০১৯ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের অভিযানে তাদের পতন ঘটে। পরবর্তীতে সিরিয়ার আটককেন্দ্রগুলোর নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় চলতি বছরের জানুয়ারিতে বন্দিদের ইরাকে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়।
Comments