পল্টনে রাষ্ট্রবিরোধী মিছিলের পরিকল্পনা: আ. লীগ-ছাত্রলীগের ১৪ নেতাকর্মী ৩ দিনের রিমান্ডে
রাজধানীর পুরানা পল্টন এলাকায় জড়ো হয়ে রাষ্ট্রবিরোধী স্লোগান, বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার পরিকল্পনার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৪ নেতাকর্মীকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্টন মডেল থানার উপপরিদর্শক মো. মিরাজুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরে, আর আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া একই ঘটনায় জড়িত চার শিশুকে শিশু সংশোধনাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত ২৪ অক্টোবর ২০২৬ তারিখে পুরানা পল্টনের আজাদ প্রোডাক্টস গলির মুখে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১০০ থেকে ১২০ জন নেতাকর্মী অবৈধভাবে সমবেত হয়ে সরকার ও রাষ্ট্রবিরোধী উসকানিমূলক স্লোগান দেন এবং নাশকতার ছক কষেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতার সহায়তায় তাদের আটক করে। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এই মামলায় পলাতক আসামিদের শনাক্ত ও নাশকতার অর্থায়নকারী 'গডফাদারদের' খুঁজে বের করতে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছিল।
রিমান্ডপ্রাপ্ত উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. মোস্তফা সরদার, ঢাকা ৪৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজীব এবং যুবলীগ নেতা মহিউদ্দিনসহ অন্যান্যরা।
Comments