ইনানীর রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ জনের মরদেহ হস্তান্তর, আরও এক দেহাবশেষ উদ্ধার
কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেকে 'টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে' ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মরদেহগুলো হস্তান্তর করা হয়। এ সময় জেলা প্রশাসক মো. আবদুল মান্নান ও সিআইডির বিশেষ পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিহতদের পরিবারের প্রত্যেককে প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
এর আগে সোমবার ডিএনএ পরীক্ষার মাধ্যমে ১০ জনের দেহাবশেষ শনাক্ত করা হয়, যার মধ্যে ঢাকার দুটি পরিবারের সদস্যরা ছিলেন। তবে নিখোঁজ স্কুলশিক্ষক নাসরিন জাহান মুক্তার ডিএনএ মিল না পাওয়ায় তার সন্ধানে মঙ্গলবার সকালে রিসোর্টের ধ্বংসস্তূপে পুনরায় যৌথ অভিযান চালায় ফায়ার সার্ভিস ও প্রশাসন। অভিযানকালে দোতলা থেকে একটি দেহাবশেষ উদ্ধার করা হয়। গলার স্বর্ণের চেইন দেখে মরদেহটি নিজের স্ত্রী মুক্তার বলে দাবি করেছেন তার স্বামী ছাত্রদল নেতা দেওয়ান ফয়সাল। পুলিশ জানিয়েছে, ডিএনএ টেস্টের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
উল্লেখ্য, এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মোট ১১ জনের হতাহতের বিষয়টি সামনে আসছে। এর আগে নিহতদের মধ্যে মোহাম্মদ নাহিদুর রহমানের পরিবার এবং মৌলিতা মেহজাবিন আলভীসহ তাদের ৬ সদস্যের পরিবারের পরিচয় নিশ্চিত করা হয়েছিল। আলোচিত এই ঘটনায় রিসোর্টের মালিক তানভীর সুলতান মিয়া ও নেওয়াজ মোর্শেদসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রধান আসামি পলাতক থাকলেও এক আসামিকে গ্রেপ্তার করে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
Comments