ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য পরিবর্তনেই বিএনপির রাজনীতি: সমাজকল্যাণমন্ত্রী
ভোট পাওয়ার উদ্দেশ্যে বা ফাঁকা বুলির মাধ্যমে মানুষকে ভোলানোর রাজনীতি বিএনপি করে না উল্লেখ করে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দলটির মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন এবং শ্রেণি-ধর্ম নির্বিশেষে সবার পাশে দাঁড়ানো।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী আয়োজিত চাকরি মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন ও তাদের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনৈতিক আদর্শ। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক দর্শনও এই লক্ষ্যকে কেন্দ্র করেই পরিচালিত হচ্ছে এবং এরই অংশ হিসেবে এই চাকরি মেলার আয়োজন করা হয়েছে। ভৌগোলিক দূরত্বের কারণে দিনাজপুর অঞ্চলের দীর্ঘদিনের অবহেলিত অবস্থার কথা তুলে তিনি বলেন, তরুণদের জাগিয়ে তোলা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এই মেলার মূল উদ্দেশ্য।
দিনাজপুর-৬ আসনসহ পুরো জেলাকে দেশের সামনে একটি সক্ষম ও সম্ভাবনাময় অঞ্চল হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। মেলায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানসহ শতাধিক প্রতিষ্ঠান অংশ নেয় এবং ২৪ হাজারের বেশি চাকরিপ্রত্যাশী এতে আবেদন করেন।
Comments