এইচএসসির ফল প্রকাশের তারিখ ৩১ অক্টোবর
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ পেছানো হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী আগামী ২৯ অক্টোবর ফলাফল প্রকাশের কথা থাকলেও তা পরিবর্তন করে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে গত ২৪ অক্টোবর আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা জানানো হয়েছিল। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব পাঠিয়েছিল, যার ভিত্তিতে ২৯ তারিখ নির্ধারণ করা হয়েছিল। পরে তা সংশোধন করে ৩১ অক্টোবর করা হলো।
উল্লেখ্য, এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। দেশজুড়ে মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেন।
Comments