ঢাকার পূর্বাঞ্চল, চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়, সচিবালয়–বাংলাদেশ ব্যাংকেও বিদ্যুৎ নেই
দেশের বড় একটি অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। আজ মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ চলে গেছে। সচিবালয়, বাংলাদেশ ব্যাংকেও বিদ্যুৎ নেই। যান্ত্রিক ক্রুটির কারণে এমনটি হয়েছে বলে বিদুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।
পাওয়ার গ্রিড পিএলসি বলছে, ঢাকার পূর্বাঞ্চল (ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন, মতিঝিল ইত্যাদি) এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ নেই। মগবাজার, বনশ্রী, খিলগাঁওতেও বিদ্যুৎ নেই। ধীরে ধীরে বিদ্যুৎ ফেরানোর চেষ্টা চলছে।
পিএলসি জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রকৌশলীরা ধাপে ধাপে সংযোগ পুনঃস্থাপনের কাজ করছেন। জাতীয় গ্রিডের কার্যক্রম জাতীয় লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে রয়েছে। দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক আছে।
এদিকে বিদুৎ বিভাগের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ পুনর্বহালের কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে অধিকাংশ জায়গায় বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল করা হয়েছে। বাকী অংশেও স্বল্পসময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে মর্মে আশা করা যাচ্ছে। সম্মানিত গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দু:খিত'।
Comments