সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি
সরকার অনুমোদন দিলে অপরাধ দমনে প্রয়োজনে 'ক্রসফায়ার' বা বিচারবহির্ভূত হত্যা করতেও পুলিশ পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
সোমবার (২৬ অক্টোবর) চকবাজারে 'কমিউনিটি ব্যাংক'-এর ইসলামিক ব্যাংকিং সেবা চালুর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, সমাজে সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের প্রয়োজন রয়েছে। তবে স্বাধীনতা পেয়েছি বলে যা ইচ্ছা, তা-ই করা যাবে না। আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, কথায় কথায় পুলিশের ওপর সবকিছুর দায় চাপানোও ঠিক নয়।
অনুষ্ঠানে পাড়া-মহল্লায় মাদকের বিস্তার এবং মাদক কারবারের সঙ্গে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি পুলিশের কিছু অসাধু সদস্যের জড়িত থাকার অভিযোগের কথাও তুলে ধরেন আইজিপি। এ সময় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত দুই মাসে ২৭ জন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি।
Comments