ভালুকায় ফেসবুকে ক্ষোভ প্রকাশ করায় নারী ব্যবসায়ী পুলিশি হেফাজতে
ময়মনসিংহের ভালুকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনার জেরে ফেসবুক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করায় সাথী আক্তার নামের এক নারী ব্যবসায়ীকে পুলিশ হেফাজতে নেওয়ার ঘটনা ঘটেছে। লাইভে ওই নারী 'বিএনপি সরকারকে ভোট দিয়ে ভুক্তভোগী' হয়েছেন বলে মন্তব্য করলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তার দোকান ঘেরাও করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে তাকে থানায় নিয়ে যায় পুলিশ। গত রোববার (২৫ অক্টোবর) রাতে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
আটক সাথী আক্তার স্কয়ার মাস্টারবাড়ি এলাকার 'সাথী মেকওভার' নামের একটি বিউটি পারলারের মালিক। গত রোববার বেলা দুইটার দিকে নিজের ফেসবুক আইডি থেকে দুটি লাইভ করেন তিনি। প্রায় ৫ মিনিট ও ৮ মিনিটের ওই ভিডিওগুলোতে তাকে ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
ভিডিওতে সাথী জানান, তিনি প্রায় ১৪ বছর ধরে ব্যবসা করছেন, কিন্তু এ বছর একের পর এক চুরির ঘটনায় তিনি মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। গত মাসে তার একটি দোকান থেকে এসির তার চুরি হয়। ঘটনার দিন সকালে এসে তিনি দেখেন, তার দুটি শোরুমের বৈদ্যুতিক তার এবং একটি শোরুমের এসির তার কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা; পাশাপাশি আশপাশের আরও কয়েকটি দোকানের তারও চুরি হয়েছে। এই ক্ষোভের একপর্যায়ে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে মন্তব্য করেন যে, বিএনপি সরকারকে ভোট দিয়ে তিনি আজ ভুক্তভোগী।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওই নারীর ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করেন এবং বিচার দাবি করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাত সাড়ে আটটার দিকে পুলিশ সাথী আক্তারকে নিজেদের হেফাজতে নেয়।
ঘটনাস্থলে দেড় থেকে দুই শ লোক জড়ো হয়েছিল জানিয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, পরিস্থিতি শান্ত রাখতে ওই নারীকে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় কেউ সুনির্দিষ্ট কোনো অভিযোগ না করলেও, তাকে ছেড়ে দিলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে বা সড়ক অবরোধের মতো ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কার কথা ভাবছে পুলিশ।
ওসি আরও বলেন, 'ওই নারী রাগের মাথায় হয়তো কিছু কথা বলে ফেলেছেন। তবে তাকে ছেড়ে দেওয়া হলে বা বড় কোনো মামলা দেখানো হলে তার প্রভাব কী হতে পারে, তা ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।'
Comments