‘আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’
'আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই' এমন মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরী। তার এমন স্ট্যাটাসকে কেন্দ্র করে উপজেলাজুড়ে স্থানীয় রাজনৈতিক নানা মহলে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
শুক্রবার (২৩ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এর পদত্যাগ দাবি করেন। তবে কী কারণে তাঁর মনে কষ্ট এবং কোন প্রেক্ষাপটে তিনি এ দাবি জানিয়েছেন, তা পোস্টে স্পষ্ট করেননি।
এ বিষয়ে সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরী মুঠোফোনে বলেন, রাজনৈতিক অনেক বিষয় আছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ভুল সিদ্ধান্তের কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এতে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানেরও ক্ষতি হচ্ছে। তিনি নিজেকে খুব পণ্ডিত মনে করেন।
তিনি আরও বলেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী 'সালাহউদ্দিন' বিএনপি করলেও ভারতের 'র'-এর এজেন্ট হিসেবে কাজ করছেন বলে আমি মনে করি। এ কারণে তার পদত্যাগ করা উচিত।
উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবাল বলেন, তাকে বারবার সতর্ক করা হলেও তিনি সংশোধন হননি। এর চাইতে বেশি কথা বলতে রাজি হয়নি তিনি।
টাঙ্গাইল জেলা যু্বদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ ও ভারপ্রাপ্ত সদস্য সচিব জাহিদ হোসেন মালাকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাদের মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
Comments