ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ফরিদপুরের মধুখালী উপজেলায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার আড়কান্দি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন; তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা 'কিংফিশার পরিবহনের' একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।
Comments