আ. লীগের সঙ্গে ১১ দলের আঁতাতের অভিযোগ নাকচ, পাল্টা অভিযোগ বিএনপির বিরুদ্ধে
ফ্যাসিবাদের সঙ্গেই আঁতাত করেই বিএনপি নির্বাচনে জয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে ১১ দলের যোগাযোগের অভিযোগও নাকচ করেন তিনি।
হামিদুর রহমান আযাদ জানান, সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া পর্যন্ত লংমার্চ করবে ১১ দল। ছয়টি পথসভার মধ্য দিয়ে শেষ হবে কর্মসূচি। লংমার্চ শান্তিপূর্ণ ও জনবান্ধব হবে বলেও আশার কথা বলেন তিনি।
জামায়াতের এ জ্যেষ্ঠ নেতা অভিযোগ করে বলেন, 'সংবিধান সংশোধনের বিশেষ কমিটি গঠনের মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বর্তমান সরকার।' ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়েও উদ্বেগ জানান তিনি। পাশাপাশি ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে কারচুপির চেষ্টা করা হলে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
সে সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি, মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বর্তমান সরকারের সমালোচনা করেন হামিদুর রহমান আযাদ। আজাদ বলেন, শুধু বিএনপির দলীয় কোন্দলের কারণেই সারাদেশে ৪০ জন নেতাকর্মী নিহত হয়েছে। নিয়োগ ও বদলিতে দলীয়করণ বন্ধ করে মেধার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান জামায়াতের এ নেতা।
Comments