তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, নিহত অন্তত ১৬
চীনের তিব্বত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। রিখটার স্কেলে ৭ মাত্রার এই ভূমিকম্পে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে তিন শতাধিক বাড়িঘর।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, তিব্বতের নাগকু অঞ্চলের বাকেন এলাকায় ছিল ভূমিকম্পটির কেন্দ্রস্থল। এর কম্পন অনুভূত হয়েছে কামদো ও নিংচি শহরেও।
ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। পাশাপাশি ভূমিধসের কারণে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকর্মীদের পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।
এর আগে ২০২৩ সালে চীনের গানসু প্রদেশে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়।
এদিকে, দুই মাসেরও কম সময় আগে হিমবাহ ধসের সূত্র ধরে সৃষ্ট বন্যা ও ভূমিধসে তিব্বত এবং নেপালের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। ওই দুর্যোগে প্রাণহানি ও নিখোঁজের ঘটনাও ঘটে।
তিব্বত চীনের কঠোরভাবে নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর একটি। সেখানে বিদেশি গণমাধ্যমকর্মীদের প্রবেশ ও সংবাদ সংগ্রহের ক্ষেত্রে নানা বিধিনিষেধ রয়েছে।
সূত্র: বিবিসি
Comments