৭ জটিল রোগে আক্রান্তদের ১ লাখ টাকা করে অনুদান দেবে সরকার
ক্যান্সার ও কিডনি রোগসহ সাতটি জটিল ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত অসচ্ছল রোগীদের জন্য দারুণ সুখবর দিয়েছে সরকার। চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং পরিবারের আর্থিক চাপ কমাতে এই রোগীদের এককালীন ১ লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরে সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নাধীন এই কর্মসূচির আওতায় মোট ৬৫ হাজার রোগীকে এই সহায়তা দেওয়া হবে। এর জন্য মোট বরাদ্দ রাখা হয়েছে ৬৫০ কোটি টাকা, যা গত দুই অর্থবছরে ছিল ৩০০ কোটি টাকা।
অনুদান পাওয়ার যোগ্য ৭টি জটিল রোগ
এই কর্মসূচির আওতায় তালিকাভুক্ত রোগগুলো হলো: ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া, থ্যালাসেমিয়া।
নির্বাচিত প্রতিটি রোগী চিকিৎসার জন্য এককালীন ১ লাখ টাকা পাবেন। একজন ব্যক্তি একই অর্থবছরে একবার এবং পুরো জীবনে সর্বোচ্চ তিনবার এই অনুদান নিতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। দরিদ্র ও অসচ্ছল ব্যক্তিদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি জরুরি চিকিৎসা প্রয়োজনীয় জীবন সংকটাপন্ন রোগী, প্রতিবন্ধী, শিশু, নারী ও বয়স্করা অগ্রাধিকার পাবেন।
কোনো আবেদনকারী অসত্য তথ্য বা ভুয়া সনদ জমা দিলে কিংবা ইতিপূর্বে অন্য কোনো সরকারি সহায়তা পেয়ে থাকলে সংশ্লিষ্ট কমিটি আবেদন বাতিল করতে পারবে।
অনলাইনে আবেদন করার সময় নিচের ডকুমেন্টসগুলোর স্ক্যান কপি বা ছবি প্রয়োজন হবে:
#রোগীর জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্মসনদ (শিশুর ক্ষেত্রে)।
#আবেদনকারী, অভিভাবক বা প্রতিনিধির জাতীয় পরিচয়পত্র ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
#মনোনীত নমিনির তথ্য এবং রোগী বা অভিভাবকের ব্যাংক হিসাবের তথ্য (চেকবইয়ের কভার পাতার ফটোকপি)।
#চিকিৎসকের সর্বশেষ ব্যবস্থাপত্র ও রোগ শনাক্তকরণের প্যাথলজিক্যাল রিপোর্ট (ক্যান্সার রোগীদের জন্য টিস্যু ডায়াগনস্টিক, বায়োপসি বা বোন ম্যারো রিপোর্ট)।
রোগী নিজে অথবা তাঁর পরিবারের কোনো সদস্য, অভিভাবক কিংবা আইনগত প্রতিনিধি সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এরপর প্রাপ্ত তথ্য ও কাগজপত্র যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্ত উপকারভোগী নির্বাচন করবে।
Comments