ঢাকের তালে, সিঁদুর খেলায় মেতেছেন শাওন
শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে বিজয়ার আনন্দে শামিল হয়েছেন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। বুধবার (২১ অক্টোবর) ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বন্ধুদের সঙ্গে সিঁদুর খেলার আয়োজনে অংশ নেন তিনি। পূজামণ্ডপে ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্যে অন্যদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেন এই শিল্পী।
বিজয়া দশমীর সকালে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। পরে দেবী দুর্গাকে সিঁদুর দিয়ে বরণ করেন ভক্তরা। এরপর শুরু হয় সিঁদুর খেলা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরেও এ উপলক্ষে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সেখানে বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে দেখা যায় শাওনকে।
উৎসবে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করে শাওন বলেন, 'আমরা বন্ধু ঈদের দিন বাসায় আসে। আমাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে। তাই তাদের সঙ্গে আনন্দ ভাগ করতে এসেছি।'
সিঁদুর খেলার আয়োজনে অংশগ্রহণকারীরা একে অপরের কপালে সিঁদুর ও আবির লাগিয়ে আনন্দ প্রকাশ করেন। উৎসবের এই রঙিন মুহূর্তে যেমন ছিল উচ্ছ্বাস, তেমনি দেবী দুর্গার বিদায়ের ক্ষণে ভক্তদের মধ্যে অনুভূত হয় বিষাদের আবহ।
বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা এবারের দুর্গোৎসব। এ উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিজয়া শোভাযাত্রা বের হওয়ার পরিকল্পনা রয়েছে। রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা এতে যুক্ত হওয়ার পর ঢাকার ১১টি ঘাটে বিসর্জন দেওয়ার কথা রয়েছে।
ছয় দিনের শারদীয় উৎসবের শেষ দিনে সিঁদুর খেলা, পূজা ও অন্যান্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন ভক্তরা। আনন্দ, সম্প্রীতি ও বিদায়ের আবেগে রাজধানীর পূজামণ্ডপগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ।
Comments