সুন্দরবন ও মোংলা বন্দর পরিদর্শনে কাল খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী
সুন্দরবন ও মোংলা বন্দরকে কেন্দ্র করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও মোংলা সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের পর সরকারপ্রধানের এই প্রথম খুলনা সফরে এই অঞ্চলের উন্নয়ন নিয়ে স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা।
সফরসূচি অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার আকাশ থেকে ঐতিহাসিক হিরণ পয়েন্ট ও সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য পর্যবেক্ষণ করবে। এরপর তিনি দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। এই সফরে সুন্দরবনের পাশাপাশি প্রস্তাবিত এলএনজি টার্মিনালের সম্ভাবনার বিষয়টিও বিশেষ আলোচনায় রয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নলিয়ান এলাকায় চলছে ব্যাপক প্রস্তুতি, উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। বিদ্যালয় মাঠসহ সংশ্লিষ্ট নিরাপত্তা এলাকা ইতোমধ্যে পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা। নলিয়ান থেকে প্রধানমন্ত্রী পরবর্তীতে নৌপথে মোংলা বন্দরের উদ্দেশে রওনা হবেন।
নলিয়ান থেকে নদীপথে মোংলা বন্দরে পৌঁছে নির্ধারিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি বন্দরের জেটি এলাকা পরিদর্শন করবেন। বন্দরের বাণিজ্যিক কার্যক্রমের পাশাপাশি তার এই সফরে বিশেষ গুরুত্ব পাচ্ছে প্রস্তাবিত 'বেজা' ইকোনমিক জোন। মোংলা বন্দরের ব্যবহার বৃদ্ধি, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির বিশাল সম্ভাবনা রয়েছে এই সফরে।
খুলনা-১ আসনের (দাকোপ-বটিয়াঘাটা) সংসদ সদস্য আমীর এজাজ খান বলেন, "আগামী ২২ অক্টোবর প্রধানমন্ত্রী দাকোপের নলিয়ানে আসছেন। এটি একটি সরকারি সফর এবং এখানে স্থানীয় কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। তবুও প্রধানমন্ত্রীর আগমন ঘিরে আমরা এবং প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। এখানকার মানুষ তাকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।"
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বোরহান উদ্দিন মিঠু সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, সম্ভাব্য সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী হেলিকপ্টারে নলিয়ান স্কুল মাঠে অবতরণ করে কোস্ট গার্ডের স্পিডবোটে আকরাম পয়েন্টের উদ্দেশে রওনা হবেন।
আগামী ৫ নভেম্বর আবারও খুলনা সফর: এদিকে এই সফরের ঠিক দুই সপ্তাহ পর, আগামী ৫ নভেম্বর পুনরায় খুলনায় আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ওই দিন তিনি খুলনা জেলা স্টেডিয়ামে 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন।
বিশ্লেষকদের মতে, প্রকৃতি, বাণিজ্য ও বিনিয়োগ—এই তিন গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে এক সুতোয় গেঁথে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই খুলনা ও মোংলা সফর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে এক নতুন দিগন্ত ও সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
Comments