২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, হতে পারে ৮টি সমঝোতা স্মারক
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় ও সময়োপযোগী করতে আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আসন্ন এই সফরে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগ সহযোগিতা সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমান-এর জাপান সফর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এ তথ্য জানান।
পররাষ্ট্র সচিব জানান, এবারের সফরে দুই দেশের মধ্যে প্রায় আটটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে, যার মধ্যে থেকে অন্তত চারটি চুক্তি সই হওয়ার জোরালো প্রত্যাশা করছে ঢাকা।
সফরের মূল এজেন্ডা সম্পর্কে তিনি আরও জানান, দুই দেশের বিদ্যমান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, আধুনিক কৃষি প্রযুক্তি এবং মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
Comments