৩ থেকে ৫ মেয়াদি ট্রেড লাইসেন্স মিলবে অনলাইনে- বাণিজ্যমন্ত্রী
ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে একক অনলাইন পোর্টালের মাধ্যমে ৩ থেকে ৫ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, এখন থেকে প্রয়োজনীয় কাগজপত্র জমা ও ফি পরিশোধ করে দেশ-বিদেশের যেকোনো স্থান থেকে অনলাইনে ট্রেড লাইসেন্স নেওয়া যাবে এবং ফি স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কাছে পৌঁছে যাবে। বর্তমানে এক বছরের লাইসেন্সের মেয়াদ বাড়িয়ে তিন থেকে পাঁচ বছর করার পরিকল্পনা রয়েছে।
বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, একটি ব্যবসা শুরু করতে ট্রেড লাইসেন্স, ব্যাংক হিসাব ও প্রাথমিক ছাড়পত্র নেওয়ার পর আমদানি নিবন্ধন সনদ সংগ্রহ করতে এবং এলসি খুলতে বর্তমানে গড়ে ৩৫৫ দিন সময় লাগে, যা উদ্যোক্তাদের নিরুৎসাহিত করে। এই দীর্ঘসূত্রতা কমাতে আরজেএসসির সেবা সম্পূর্ণ অনলাইনে আনা, লাইসেন্সের মেয়াদ বাড়ানো এবং পৃথক পরিদর্শনের পরিবর্তে সমন্বিত পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৭ সালের মধ্যে এসব সংস্কারের সুফল পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের সময় আরও তিন বছর বাড়ানোর বিষয়ে চলতি অক্টোবরেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ইইউ ও যুক্তরাজ্য জিএসপি সুবিধার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে। এছাড়া রপ্তানি সুরক্ষা ও বাজার সম্প্রসারণে ২০২৭ সালের মধ্যে ৮ থেকে ১০টি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করার লক্ষ্য রয়েছে সরকারের। ইতিমধ্যে জাপানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে এবং দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও নিউজিল্যান্ডের সঙ্গে আলোচনা চলছে।
ইআরএফ ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা।
Comments