পেশাগত স্বার্থ সংরক্ষণে সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে: রাষ্ট্রপতি
সাংবাদিকদের নিজেদের পায়ে শক্তভাবে দাঁড়ানোর ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অধিকার, কল্যাণ নিশ্চিত এবং পেশাগত স্বার্থ সংরক্ষণে সংবাদকর্মীদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাতকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, 'গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সবচেয়ে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে। মিডিয়া যদি গণতান্ত্রিক হয় এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে, তাহলে তা জনগণের সবচেয়ে বেশি উপকারে আসে।'
এ সময় অন্যায়ভাবে চাকরিচ্যুতি, ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং সাংবাদিকদের ওপর সহিংসতার বিচার নিশ্চিতসহ গণমাধ্যমকর্মীদের মূল সমস্যাগুলো সমাধানে পেশাদার সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে ডিআরইউ প্রতিনিধিদল সংগঠনের বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং ডিআরইউ আয়োজিত 'বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড' প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের জন্য তাঁকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ আন্দোলন-সংগ্রামে সাংবাদিকদের সাহসী ভূমিকার প্রশংসা করেন এবং ডিআরইউর উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments