সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান সংশোধনী প্রক্রিয়ায় বিরোধী দল এখন পর্যন্ত কোনো সহযোগিতা করছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, 'আমরা এমন একটি সাংবিধানিক প্রক্রিয়া আনতে চাই, যেটিকে অনেকে সংস্কার বলতে পারেন। তারা সংস্কার বলে তুষ্ট থাকলে আমাদের আপত্তি নেই; কিন্তু বিরোধী দল হিসেবে সংশোধন প্রক্রিয়ায় তারা সহযোগিতা করছেন না।'
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দীর্ঘ আলাপ-আলোচনার মাধ্যমে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'জুলাই একদিনে সংঘটিত হয়নি। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত অবিরাম ও ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের ফসল হিসেবে ২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। এই রক্তাক্ত গণঅভ্যুত্থানের ইতিহাস আমাদের জাতীয় জীবনে চিরজাগরূক ও অনুপ্রেরণা হয়ে থাকবে।'
জুলাইয়ের চেতনা বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, 'শুধু জুলাই মাস এলে বা বাৎসরিক অনুষ্ঠান দিয়েই এর সমাপ্তি ঘটালে চলবে না। যত দিন পর্যন্ত শহীদদের রক্তের অঙ্গীকার ও জনগণের প্রত্যাশা পূরণ না হবে, তত দিন শহীদদের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠিত হবে না। কিছু সাংবিধানিক এবং কিছু আইনগত বিষয়ের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চলছে।'
ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'ছাত্র অভ্যুত্থানের চেতনা ধারণ করে আমরা ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই লক্ষ্যে পরিকল্পনা ঘোষণা করেছেন এবং তা বাস্তবায়ন করে চলেছেন।'
Comments