হুথিদের হামলার শঙ্কা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা
ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের হামলার আশঙ্কায় সৌদি আরবের রাজধানী রিয়াদের ৯৯ তলাবিশিষ্ট কিংডম সেন্টারের সব অফিসকে বাসা থেকে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১৮ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
ভবনটির ভাড়াটিয়াদের পাঠানো ই-মেইলে অফিস ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কর্মীদের অফিসে না এসে বাসা থেকে কাজ করার অনুরোধ করা হচ্ছে। তবে ভবনটির নিচতলার শপিংমল খোলা রয়েছে।
এদিকে, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুথিদের সম্ভাব্য হামলার বিষয়ে নিজেদের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর বিমান চলাচল স্থগিত থাকায় আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
শনিবার জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশন সম্ভাব্য বিমানবন্দর হামলা, আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং অন্যান্য ভ্রমণসংক্রান্ত জটিলতার বিষয়ে সতর্ক করেছে।
বন্ধ রিয়াদ বিমানবন্দর, অন্য দুই বিমানবন্দরে বিঘ্ন
মার্কিন মিশনের তথ্য অনুযায়ী, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম এখনও স্থগিত রয়েছে। অন্যদিকে, জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু থাকলেও এসব বিমানবন্দরে কিছু ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণে বিলম্ব এবং বাতিলের ঘটনা ঘটছে।
সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার করে ভ্রমণের পরিকল্পনাকারী মার্কিন নাগরিকদের যাত্রার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনস ও বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পাশাপাশি আরও হামলার আশঙ্কা এবং ফ্লাইটের সময়সূচি কিংবা আকাশসীমার ব্যবহারে আকস্মিক পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ মোবাইল ফোনে যে জাতীয় জরুরি সতর্কবার্তা পাঠাবে, সেগুলো অনুসরণ করার আহ্বানও জানিয়েছে মার্কিন মিশন।
সূত্র: এএফপি
Comments