সন্ত্রাসবাদের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
সন্ত্রাসবাদে সংশ্লিষ্টতা এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে নিজেদের পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। শনিবার (১৭ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগদান, নিরাপত্তা বাহিনীর সদস্য ও সদরদপ্তর এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর মতো অপরাধে জড়িত ছিলেন। এ ছাড়া অবৈধ অস্ত্র ও গোলাবারুদ নিজেদের কাছে রাখা এবং সৌদি আরবে সন্ত্রাসী হামলায় অর্থায়ন ও সহায়তা করার অভিযোগও তাদের বিরুদ্ধে ছিল।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া পাঁচ ব্যক্তি হলেন মুহাম্মদ বিন মুনির বিন মুহাম্মদ আল-যাহের, আলী বিন আবদির রব্ব আল-হুসাইন আল-শেখ, হাসান বিন জাকি বিন মুহাম্মদ আল-ফারাজ, রেদা বিন মুহাম্মদ বিন আলী আল আবু আব্দুল্লাহ এবং আলী ইবনে হাসান বিন আহমাদ আল-রিবহ। তারা সবাই সৌদি আরবের নাগরিক।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তারের পর বিচারিক প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। বিচারকরা অভিযোগের ভিত্তিতে তাজির শ্রেণির অপরাধ হিসেবে তাদের মৃত্যুদণ্ডের রায় দেন।
পরবর্তী সময়ে আপিল আদালত ও সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখেন। এরপর শরিয়াহ আইন অনুযায়ী সাজা কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, শনিবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
সূত্র: আরব নিউজ
Comments