আবারও বিয়ের খবর দিলেন চমক? মুখ খুললেন অভিনেত্রী
ছোট পর্দার অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমক প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা পোস্ট দিয়ে আলোচনায় আসেন। এবারও তাঁর একটি ফেসবুক পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। পোস্টের ক্যাপশনে বিয়ের কথা উল্লেখ করায় শুরু হয়েছে নানা জল্পনা।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করেন চমক। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, 'আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক!' তাঁর এমন মন্তব্য দেখে অনেকেই প্রথমে বিষয়টিকে বাস্তব ঘটনা বলে মনে করেন।
তবে ছবিগুলোতে চোখ রাখতেই সামনে আসে অন্য একটি বিষয়। সেখানে চমকের সঙ্গে দেখা যায় ঢালিউড অভিনেতা আরিফিন শুভকে। তাঁদের একসঙ্গে উপস্থিতি ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা।
প্রকাশিত ছবিগুলোতে একটি সুসজ্জিত হোটেলকক্ষে দুজনকে সময় কাটাতে দেখা যায়। একটি ছবিতে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তাঁরা। অন্য একটি ছবিতে শুভকে চমকের মুখে খাবার তুলে দিতে দেখা যায়। তাঁদের এমন মুহূর্ত দেখে ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে, এটি কি নতুন কোনো নাটক বা সিনেমার অংশ?
বিষয়টি নিয়ে চমকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আপাতত এ বিষয়ে বিস্তারিত বলতে চান না। তবে একটি সুখবর রয়েছে এবং শিগগিরই সময় নিয়ে বিস্তারিত জানাবেন বলে ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। অন্যদিকে, এ বিষয়ে আরিফিন শুভর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
চমকের পোস্টের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা চলছে। কেউ ধারণা করছেন, ছবিগুলো নতুন কোনো অভিনয় প্রকল্পের প্রচারণার অংশ হতে পারে। আবার কেউ এর পেছনে অন্য কোনো চমক থাকার সম্ভাবনা দেখছেন। তবে ছবিগুলো কোনো নাটক বা সিনেমার দৃশ্য কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি স্পষ্ট হতে চমকের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
চিকিৎসক হওয়ার স্বপ্ন থেকে অভিনয়ে
রুকাইয়া জাহান চমকের জন্ম বরিশালে। তাঁর বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল তাঁর। পরিবারের ইচ্ছা ছিল, তিনি চিকিৎসক হবেন। সেই লক্ষ্য পূরণে এমবিবিএস ডিগ্রিও অর্জন করেন চমক।
২০১৭ সালে 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার পর বিনোদন অঙ্গনে পরিচিতি পান তিনি। পড়াশোনার ব্যস্ততার কারণে অভিনয়ে নিয়মিত হতে কিছুটা সময় লাগলেও ২০২০ সালে ছোট পর্দায় যাত্রা শুরু করেন এই অভিনেত্রী।
ব্যক্তিজীবনেও বিবাহিত চমক। ২০২৪ সালের ২১ জুন ব্যবসায়ী আজমান নাসিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। আজমানের গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। ব্যবসার পাশাপাশি অভিনয়ের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
চমকের সাম্প্রতিক পোস্ট ঘিরে তৈরি হওয়া রহস্যের অবসান ঘটবে কি না, তা জানতে এখন তাঁর পরবর্তী ঘোষণার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।
Comments