ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সকল ফ্লাইট আগামী রোববার (১৮ অক্টোবর) পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃক জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিত হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী সিদ্ধান্ত এবং নতুন সময়সূচি যথাসময়ে গণমাধ্যম ও সংশ্লিষ্ট যাত্রীদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
ফ্লাইট স্থগিত থাকলেও জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে আসা-যাওয়া করতে পারবেন। বিকল্প এই যাত্রীদের বাড়তি চাপ সামলাতে মদিনা রুটে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের পরিবর্তে বৃহত্তর বোয়িং ৭৭৭ উড়োজাহাজ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে প্রতি ফ্লাইটে অতিরিক্ত ১৪৮টি আসন বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি জেদ্দা রুটে নতুন করে আরও তিনটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনারও সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ।
টিকিট পরিবর্তন ও ভ্রমণসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
Comments