আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা আলোচনা সাপেক্ষে পূরণ করা হবে: অর্থমন্ত্রী
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নতুন ঋণ সহায়তা পেতে হলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে তিনি স্পষ্ট করেছেন যে, ঋণের শর্ত নিয়ে সংস্থাটির সঙ্গে আলোচনা চলছে এবং কিছু বিষয়ে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমেই তা চূড়ান্ত করা হবে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।
বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আইএমএফের নতুন কর্মসূচি নিয়ে আলোচনা অত্যন্ত ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে এই কর্মসূচির আওতায় ঠিক কী ধরনের শর্ত থাকবে এবং বাংলাদেশ কীভাবে তা বাস্তবায়ন করবে, তা নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। কিছু বিষয়ে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতেই সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ব্যাংকিং খাত, ট্যাক্স-জিডিপি অনুপাত, ব্যাংকের পুনঃমূলধনীকরণ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আইএমএফের সুনির্দিষ্ট পর্যবেক্ষণ রয়েছে বলে জানান অর্থমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমাদের সংস্কারের বিশ্বাসযোগ্যতা নিয়ে তাদের যেমন কিছু অবজারবেশন রয়েছে, তেমনি আমাদেরও নিজস্ব কিছু পর্যবেক্ষণ আছে। ব্যাংক ও ট্যাক্স-জিডিপি অনুপাত নিয়ে তাদের যে উদ্বেগ, তার সঙ্গে আমরা একমত। ইতিমধ্যে অনেকগুলো সমস্যার সমাধানও করা হয়েছে।'
অর্থমন্ত্রী জানান, দেশের বর্তমান অর্থনৈতিক অগ্রগতিতে আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে। বাজেট-পরবর্তী বাস্তবায়ন এবং মধ্যপ্রাচ্যের সংঘাতসহ বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক গতিশীলতা নিয়ে সংস্থাটি ইতিবাচক মনোভাব দেখিয়েছে।
ভবিষ্যতে শুধু আইএমএফ নয়, বরং বিশ্বব্যাংকসহ অন্যান্য সব বহুপাক্ষিক উন্নয়ন সহযোগীর সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সরকার কাজ করবে বলেও জানান অর্থমন্ত্রী।
Comments