‘অপারেশন ক্লিন হার্ট’ করার পরিকল্পনা সরকারের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
অপরাধ দমনে বর্তমানে 'অপারেশন ক্লিন হার্ট' বা এ ধরনের কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো অপরাধ দমনে অত্যন্ত সচেষ্ট রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনসে সিআইডির নতুন 'সাইবার পুলিশ সেন্টার' উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
ডিসেম্বর কেন্দ্রিক কোনো নাশকতার আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের সার্বিক দায়িত্ব ও নজরদারি রয়েছে, তবে এটাকে কোনো বড় 'চ্যালেঞ্জ' হিসেবে দেখছেন না তারা।
বর্তমান সময়ের অপরাধের ধরন পরিবর্তনের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, "বর্তমান বিশ্বে অপরাধের ধরন পাল্টে গেছে। সাইবার বিশ্বে স্ক্যাম, শেয়ারবাজার কারসাজি (ম্যানিপুলেশন) ও আর্থিক প্রতারণার মতো অপরাধ বাড়ছে। এসব অপরাধ দমনে দেশের প্রতিটি বিভাগে দ্রুত আধুনিক ল্যাব তৈরি করবে সরকার।"
তিনি আরও জানান, দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সাইবার পুলিশ সেন্টার অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-কে আরও আধুনিক ও যুগোপযোগী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই ল্যাবগুলোর মাধ্যমে অনলাইনে ব্ল্যাকমেইল, আর্থিক প্রতারণা, মাদক ও অস্ত্র বেচাকেনাসহ জঙ্গি কার্যক্রম প্রতিরোধ করা আরও সহজ ও দ্রুত হবে।
Comments