সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: রিজভী
জনগণের ভোটে নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতে পতিত দোসররা নানাভাবে নাশকতামূলক কর্মকাণ্ড ও ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এসব কর্মকাণ্ডের বিষয়ে দেশের মানুষকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় ফরিদপুরের চরভদ্রাসনের গাজীরটেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মোঃ লকাই বিশ্বাসের জন্য নির্মিত বাড়ির চাবি হস্তান্তর, চিকিৎসা সহায়তা ও কর্মসংস্থান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ভারত থেকে পতিত সরকারের দোসররা ষড়যন্ত্রের জাল বিস্তার করে ষড়যন্ত্র শুরু করেছে। জনগণের ভোটে নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতে পতিত দোসররা নানাভাবে নাশকতামূলক কর্মকাণ্ড ও ষড়যন্ত্র করছে। এসব কর্মকাণ্ডের বিষয়ে দেশের মানুষকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
বিদেশের মাটিতে নোবেলজয়ী ড. ইউনূসকে অপমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত কয়েকদিন আগে বিদেশের মাটিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে নেক্কারজনকভাবে অপমান করা হয়েছে। এতে দেশের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়ায়—আপনারা একটিবার ভেবে দেখুন।
দলীয় ওয়াদা ও পূর্ববর্তী সরকারের সমালোচনা করে রিজভী আরও বলেন, বিএনপি সরকার তাদের সকল প্রতিশ্রুতি রেখেছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণের পাশাপাশি খাল খনন কার্যক্রম থেমে নেই—আমরা আমাদের সকল প্রতিশ্রুতি রেখেছি। অপরদিকে, আওয়ামী লীগ সরকার চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু কাউকে চাকরি দিতে পারেনি; বরঞ্চ তারা বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের টাকা নিয়ে পালিয়ে গিয়েছে।
বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি নিয়ে তিনি বলেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী থেকে তেল আসা কষ্টকর হয়ে পড়েছে। ফলে এ কারণেই দেশে তেলের দাম বৃদ্ধি এবং বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। এটি শুধু বাংলাদেশে নয়, বিশ্বের প্রায় সব দেশেই এমন সমস্যা দেখা দিয়েছে।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মোঃ লকাই বিশ্বাসের হাতে নির্মিত বাড়ির চাবি তুলে দেন এবং চিকিৎসা সহায়তাসহ কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করেন।
Comments