ধর্মঘট করে কৃত্রিমভাবে দাম বাড়ানোর চেষ্টা বরদাস্ত করা হবে না: জ্বালানিমন্ত্রী
এলপিজি (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) ব্যবসায়ীরা ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানোর কোনো চেষ্টা চালালে তা সরকার কোনোভাবেই মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি স্পষ্ট জানিয়েছেন, কথায় কথায় ধর্মঘট ডেকে নিত্যপণ্যের দাম বাড়ানোর পাঁয়তারা বরদাস্ত করা হবে না।
আজ বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই হুঁশিয়ারি দেন।
ব্যবসায়ীদের হয়রানি বন্ধ এবং কমিশন বাড়ানোসহ কয়েকটি দাবিতে আগামী ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে দুই দিন এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ এলপি গ্যাস ট্রেডার্স কো-অপারেটিভ অ্যাসোসিয়েশন। এই ধর্মঘটের হুমকির প্রেক্ষাপটেই জ্বালানিমন্ত্রীর এই কঠোর অবস্থান সামনে এল।
মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, বিশ্ব জ্বালানি পরিস্থিতির এই জটিলতার মধ্যে যদি কেউ ধর্মঘট করে জিম্মি করার চেষ্টা করে, তবে ১৯৫৬ সালের এসেনশিয়াল কমোডিটিজ (পণ্য নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটি একটি নির্বাচিত সরকার উল্লেখ করে তিনি বলেন, জনগণ যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হয়, সরকার সেদিকে সর্বোচ্চ নজর রাখছে। ভোক্তা পর্যায়ে এলপিজির দাম কীভাবে সহনীয় রাখা যায়, তা নিয়ে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ধর্মঘটের পথ বেছে না নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আলোচনার টেবিলে বসে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার আহ্বান জানিয়েছেন জ্বালানিমন্ত্রী।
Comments