সৌদির তেল কোম্পানির ভবনে হুথিদের হামলা, রিয়াদমুখী ক্ষেপণাস্ত্র প্রতিহত
ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার পর সৌদি আরবে পাল্টা আঘাত হেনেছে হুতি বিদ্রোহীরা। দেশটির পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে সৌদি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এতে ভবনটিতে আগুন ধরে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (১৪ অক্টোবর) সকালে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ধাহরানে আরামকোর প্রশাসনিক ভবনে হামলার ঘটনা ঘটে। একই দিনে সৌদি আরবের রাজধানী রিয়াদ অভিমুখে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথাও জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র জানান, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষের আঘাতে চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ১৫টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়।
এর আগে মঙ্গলবার সৌদি আরবের তেল স্থাপনাগুলোর আশপাশে থাকা কর্মী ও বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল হুতিরা। গোষ্ঠীটির দাবি, এসব স্থাপনা তাদের কাছে 'বৈধ লক্ষ্যবস্তু' হিসেবে বিবেচিত হবে।
হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি এই সতর্কবার্তা দেন সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত ইয়েমেন অয়েল কোম্পানির আল-সাবাহ কেন্দ্রীয় তেল স্থাপনার আশপাশ থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর।
এর প্রতিক্রিয়ায় ইয়াহিয়া সারি হুঁশিয়ারি দেন, সানায় যেকোনো হামলার জবাবে সৌদি রাজধানী রিয়াদে কঠোর ও যন্ত্রণাদায়ক প্রতিশোধ নেওয়া হবে।
সানায় তেল স্থাপনাকে ঘিরে সৌদি জোটের সতর্কতা এবং পরবর্তী সময়ে সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ও রাজধানীকে লক্ষ্য করে হামলার ঘটনাগুলো দুই পক্ষের সংঘাতকে আরও জটিল করে তুলেছে। এতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোর সুরক্ষা নিয়ে উদ্বেগ বাড়ছে।
Comments