নিজেকে সর্বকালের সেরা ও সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর
অন্যের সমালোচনা কিংবা প্রশংসায় কান না দিয়ে নিজের মতো করে ফুটবল খেলে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স ৪১ বছর ছুঁইছুঁই হলেও হাঁটুর বয়সি তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে শুধু খেলছেনই না, নিয়মিত গোলও করে যাচ্ছেন। বিশ্ব ফুটবলের প্রথম খেলোয়াড় হিসেবে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করেই বুটজোড়া তুলে রাখার ইচ্ছা এই পর্তুগিজ তারকার। আর রেকর্ড গড়া না হলেও ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় তিনিই—সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন সিআর সেভেন।
সম্প্রতি শেষ হওয়া ফিফা উইন্ডোতে পর্তুগালের ক্যাম্প ছেড়ে আসার পর নানা সমালোচনার মুখে পড়া রোনালদো বলেন, 'আমি যে মানের খেলা উপহার দিই এবং যত গোল করি, মানুষ সেটির প্রাপ্য কৃতিত্ব আমাকে দেয় না। তবে সবকিছু স্বাভাবিক নিয়মেই হওয়া উচিত। ৯২০, ৯২৫ কিংবা ৯৩০টি—যত গোলই করি না কেন, ইতিহাসের সেরা খেলোয়াড় তো আমিই। এখানেই কথা শেষ। পরিসংখ্যানই সব কথা বলছে।'
১ হাজার গোলের লক্ষ্য নিয়ে এগিয়ে গেলেও নিজের ভবিষ্যৎ নিয়ে এখনই নিশ্চিত কিছু বলতে পারছেন না পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা। তিনি বলেন, 'যদি সেই মাইলফলকে পৌঁছাতে পারি, অর্থাৎ এক হাজার গোল করতে পারি, সেটা অসাধারণ এক অর্জন হবে। সে লক্ষ্যে আমি কাজও করে যাচ্ছি। তবে ভবিষ্যৎ নিয়ে ভাবি না। আগামীকাল কী ঘটবে, তা আমি জানি না। হয়তো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখব আমি খেলার অনুপ্রেরণা হারিয়ে ফেলেছি, আর খেলতে ইচ্ছে করছে না।'
লিওনেল মেসি, দিয়েগো ম্যারাডোনা বা পেলের প্রতি মানুষের ভালোলাগাকে যার যার ব্যক্তিগত পছন্দ বলে সম্মান জানান রোনালদো। তবে নিজেকে ইতিহাসের সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার দাবি করে আল নাসরের এই স্ট্রাইকার বলেন, 'কেউ যদি মেসি, পেলে বা ম্যারাডোনাকে পছন্দ করে, তবে সেটা তার ব্যক্তিগত রুচি। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো একজন পরিপূর্ণ খেলোয়াড় নন, এমন বলাটা একেবারেই মিথ্যা। আমিই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়।'
Comments