রিয়াদে হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের, বিমানবন্দর নিয়ে সতর্ক করল হুতিরা
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া দেখানোর ঘোষণা দিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট। হামলাটিকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী জবাব দেওয়ার কথা জানিয়েছে জোটটি। অন্যদিকে, মক্কা ও মদিনা ছাড়া সৌদি আরবের অন্যান্য বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করতে সতর্ক করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
শনিবার (১০ অক্টোবর) রিয়াদের বিমানবন্দরে হামলার পর জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে বলেন, হামলায় বিমানবন্দরের যাত্রী টার্মিনালকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এতে বেসামরিক মানুষের হতাহতের ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
আল-মালিকির ভাষ্য অনুযায়ী, এ হামলা আন্তর্জাতিক মানবিক আইন ও যুদ্ধের প্রচলিত নিয়মের লঙ্ঘন। তিনি হুতিদের কর্মকাণ্ডকে সন্ত্রাসী তৎপরতা হিসেবে উল্লেখ করে বলেন, জোটের যৌথ বাহিনী আন্তর্জাতিক আইন মেনেই এর কঠোর জবাব দেবে।
সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) জানিয়েছে, হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক ও দুজন বাংলাদেশি রয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণের কাজ চলছে।
হামলার পর ক্ষয়ক্ষতি পর্যালোচনা ও বিমানবন্দরের নিরাপত্তা যাচাইয়ের জন্য সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়।
সৌদির বিমানবন্দর ব্যবহারে হুতিদের সতর্কবার্তা
এদিকে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে সৌদি আরবের মক্কা ও মদিনা ছাড়া অন্য বিমানবন্দর এবং আকাশসীমা ব্যবহার না করার জন্য সতর্ক করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি শিপিং কোম্পানি, বিমান সংস্থা, কর্মকর্তা-কর্মচারী ও যাত্রীদের এ সতর্কতা মেনে চলার আহ্বান জানান। তাঁর দাবি, সৌদির অন্যান্য বিমানবন্দর ও আকাশসীমা হুতিদের সম্ভাব্য হামলার আওতায় রয়েছে। তবে ইয়াহিয়া সারে জানান, মক্কা ও মদিনার বিমানবন্দরগুলোকে হামলার আওতার বাইরে রাখা হয়েছে।
Comments