রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ, যা জানাল আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা
পবিত্র রমজান মাস শুরু হতে এখনো কয়েক মাস বাকি। তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ভিত্তিতে ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি নিয়ে পূর্বাভাস দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে রোজা শুরু হতে পারে। আর ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ৯ অথবা ১০ মার্চ।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ানের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১২ অক্টোবর সোমবার থেকে হিজরি জমাদিউল আউয়াল মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে পবিত্র রমজান মাসের আগে বাকি থাকবে আরও চারটি চন্দ্র মাস।
আল জারওয়ানের তথ্যমতে, সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় শনিবার (১০ অক্টোবর) সূর্যাস্তের পর সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে নতুন চাঁদের জন্ম হয়েছে। রোববার সন্ধ্যায় চাঁদটি খালি চোখে দেখা যেতে পারে। এমনটি হলে সোমবার থেকে জমাদিউল আউয়াল মাস গণনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের রমজান মাস ২৯ কিংবা ৩০ দিনের হতে পারে। সে ক্ষেত্রে ঈদুল ফিতর পালিত হতে পারে ৯ মার্চ মঙ্গলবার অথবা ১০ মার্চ বুধবার। তবে রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা এবং চাঁদ দেখার সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ হবে।
ইসলামি বর্ষপঞ্জিতে চাঁদের অবস্থান ও দৃশ্যমানতার ভিত্তিতে মাসের হিসাব নির্ধারণ করা হয়। এ কারণে জ্যোতির্বৈজ্ঞানিক গণনা থেকে সম্ভাব্য তারিখ সম্পর্কে ধারণা পাওয়া গেলেও বিভিন্ন দেশে মাস শুরুর তারিখে পার্থক্য দেখা দিতে পারে।
এদিকে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা নিয়ে ভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরেছে শারজাহ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাব। সংস্থাটির বিশ্লেষণ অনুযায়ী, রোববার সূর্যাস্তের পর সাধারণ টেলিস্কোপ কিংবা খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা কম। তবে সূর্যাস্তের আগে উন্নত অ্যাস্ট্রোফটোগ্রাফি প্রযুক্তি ব্যবহার করে চাঁদের অবস্থান শনাক্ত করা সম্ভব হতে পারে।
সংস্থাটির মতে, যেসব দেশ ইসলামি মাস নির্ধারণে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবকে গুরুত্ব দেয়, সেখানে ১২ অক্টোবর সোমবার থেকে নতুন মাস শুরু হতে পারে। অন্যদিকে, যেসব দেশে সূর্যাস্তের পর খালি চোখে অথবা সাধারণ অপটিক্যাল টেলিস্কোপে চাঁদ দেখা আবশ্যক, সেখানে মাসটি শুরু হতে পারে ১৩ অক্টোবর মঙ্গলবার থেকে।
শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাব জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ৮টা ৪৭ মিনিটে শারজাহ অঞ্চলে চাঁদের কেন্দ্রিক সংযোগ সম্পন্ন হয়েছে। তবে ২০২৭ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ নিয়ে এই পূর্বাভাস চূড়ান্ত নয়। সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রোজা শুরুর দিন নির্ধারিত হবে।
Comments