দিল্লিতে বিক্ষোভের আগে ইউটিউবার ধ্রুব রাঠি আটক
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে গুরুগ্রামের বাসা থেকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকালে গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে পুলিশের সূত্রের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদন অনুযায়ী, দিল্লি পুলিশের প্রায় ৫০ সদস্যের একটি দল ধ্রুব রাঠির বাসায় যায়। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটি ধ্রুব রাঠিসহ আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ করে আসছে সিজেপি। ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে শনিবার দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে দলটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ধ্রুব রাঠিকে আটকের নিন্দা জানিয়েছে সংগঠনটি। তাদের অভিযোগ, নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ দমনের উদ্দেশ্যেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ধ্রুব রাঠি যন্তর মন্তরের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
এদিকে, গুরগাঁও পুলিশের বরাতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ধ্রুব রাঠির বাসার বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ধ্রুব রাঠির বিপুলসংখ্যক অনুসারী রয়েছে। ইনস্টাগ্রামে তার অনুসারী প্রায় ১ কোটি ৯২ লাখ, এক্সে ৩৩ লাখ এবং ইউটিউব চ্যানেলে গ্রাহকসংখ্যা প্রায় ৩ কোটি ৩০ লাখ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Comments