আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জরুরি নির্মাণ ও রক্ষণাবেক্ষণকাজের জন্য আজ শনিবার (১০ অক্টোবর) রাজশাহী ও বগুড়ার বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বগুড়ায় ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ
নেসকোর বগুড়া বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট-সংলগ্ন এলাকায় সাসেক প্রকল্পের আওতায় ফুটওভার ব্রিজ নির্মাণকাজ করা হবে। এ কারণে ৩৩ কেভি রহমান নগর ও বনানী ফিডারের আওতাধীন এলাকায় সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সব মিলিয়ে বিদ্যুৎবিহীন থাকতে হবে ১০ ঘণ্টা।
জরুরি নির্মাণকাজের কারণে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ। একই সঙ্গে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সহযোগিতা চাওয়া হয়েছে।
রাজশাহীতে সাড়ে ৬ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ
অন্যদিকে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিদ্যুৎ লাইনের কাছাকাছি গাছের ডালপালা কাটার কাজ করা হবে রাজশাহীতে। এ কারণে নেসকোর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন ১১ কেভি বাগধানী ফিডারের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুয়ারি, কুমড়াপুকুর ও বাগসারা এলাকায় সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তিন ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এরপর তেঘর থেকে বাগধানী এলাকা পর্যন্ত সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
Comments