অটোরিকশার পক্ষে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক
রাজধানীর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চালুর দাবি জানানো রাজনৈতিক নেতার নিজেরই প্রায় ৭০০টি অটোরিকশা রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১০ এলাকায় মেট্রোরেলের পিলারে জুলাই আন্দোলনের গ্রাফিতি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, "বাংলাদেশের সাধারণ মানুষের একজনও অটোরিকশা চলাচলের পক্ষে আন্দোলন করবে না। অথচ একটি বড় রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেল প্রকাশ্যে বলছেন যে, অটোরিকশা চলাচলের দাবি সরকারের মানা উচিত—যা অত্যন্ত হাস্যকর। পরে খোঁজ নিয়ে আমরা জানতে পেরেছি, ওই নেতার নিজেরই প্রায় ৭০০টি অটোরিকশা রয়েছে।"
ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে নিজেদের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মিল্টন বলেন, ঢাকার প্রতিটি এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে। দোকানের সামনে কিংবা ফুটপাতে যাতে কেউ অবৈধভাবে বসতে না পারে, ব্যবসায়ীদের সেদিকে কড়া নজর রাখতে হবে। বর্তমান সরকার জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং নগরবাসী যা চাইবে না, সিটি করপোরেশন কখনোই তা করবে না।
দখলমুক্ত ফুটপাতে সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের কাজ চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, যেসব এলাকার ফুটপাত ভেঙে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর সংস্কার কাজ চালিয়ে পথচারীবান্ধব ও দৃষ্টিনন্দন করা হচ্ছে।
এ সময় একটি বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে হকারদের উসকে দেওয়ার অভিযোগ তুলে ডিএনসিসি প্রশাসক বলেন, একটি বিশেষ দল ফুটপাতের হকারদের ডেকে নানা ধরনের উসকানিমূলক পরামর্শ দিচ্ছে। জনস্বার্থের বিরুদ্ধে কেউ যদি নতুন করে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়, তবে নগরবাসীকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করতে আমরা প্রস্তুত রয়েছি।
Comments