মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে ৪ শতাংশ বাড়ল তেলের দাম, বিশ্ব শেয়ারবাজারে ধস
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে উদ্বেগ এবং জ্বালানি তেলের দাম বাড়ায় বিশ্ব শেয়ারবাজারে বড় ধরনের দরপতন দেখা দিয়েছে। তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কা, মূল্যস্ফীতি এবং করপোরেট ঋণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বিনিয়োগকারীরা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিভিন্ন অঞ্চলের শেয়ারবাজারে নিম্নমুখী প্রবণতা দেখা যায়। একই সময়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছে।
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে এসঅ্যান্ডপি ৫০০ সূচক প্রায় ০.৫ শতাংশ এবং প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক ১.৩ শতাংশ কমেছে। এশিয়ার বড় সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোর আয় সন্তোষজনক হলেও চিপ উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারে দরপতন দেখা গেছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তার এবং যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের কারণে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি দেখা দেয়।
বাজারের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ৪ দশমিক ০৮ ডলার বা ৪ দশমিক ১ শতাংশ বেড়ে ১০৪ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে।
ইউরোপের শেয়ারবাজারেও দরপতনের ধারা অব্যাহত ছিল। সরকারি ঋণ ও মূল্যস্ফীতি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের মধ্যে ইউরোপের প্রধান সূচক স্টক্স ৬০০ প্রায় ০.৭৫ শতাংশ এবং ফ্রান্সের ক্যাক ৪০ সূচক ০.৫ শতাংশ কমেছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, জ্বালানি তেলের দাম দীর্ঘ সময় ধরে বাড়তে থাকলে বিশ্ববাজারে পণ্য ও পরিবহন ব্যয় বেড়ে মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে। এতে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি শেয়ারবাজারেও অস্থিরতা বাড়ার ঝুঁকি রয়েছে।
সূত্র: আল-জাজিরা।
Comments