ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের (DP World) সঙ্গে সরকারের চুক্তি স্বাক্ষরের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশের (সাবেক বিডা) কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এর আগে, ১৫ বছরের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দরের এই কনসেশন চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির প্রতিবাদে বেলা দুইটা থেকে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাসদসহ বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দল ও সংগঠন। বিক্ষোভ চলাকালে বেলা পৌনে তিনটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা চালিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশের লাঠিপেটার তীব্র নিন্দা জানিয়ে ঘটনাস্থলে উপস্থিত সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন, 'আমরা সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদ জানাতে এখানে শান্তিপূর্ণভাবে এসেছিলাম। আমরা মনে করি, এই চুক্তি দেশের স্বার্থবিরোধী এবং বাংলাদেশকে এক প্রকার বিক্রির শামিল। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে মার্কিন নৌবাহিনীর সম্পৃক্ততা রয়েছে, যা তাদের নিজস্ব ওয়েবসাইটের তথ্যেই স্পষ্ট।'
তিনি আরও বলেন, 'ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়ার অর্থ হলো—বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের সুযোগ তৈরি করে দেওয়া। তারা আমাদের বন্দর ও বিমানবন্দরসহ কৌশলগত সবকিছু ব্যবহার করার সুযোগ পাবে।'
সাজ্জাদ জহির অভিযোগ করেন, 'আমাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ থাকা সত্ত্বেও পুলিশ কোনো উসকানি ছাড়াই নির্বিচারে লাঠিপেটা করেছে। যারা আজ ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন, ইতিহাস তাঁদের বেইমান ও বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করবে। আমরা বামপন্থীরা রাজপথে আছি এবং শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশের বন্দর ও জাতীয় সম্পদ রক্ষা করব।'
সিপিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশের এই হামলায় দলটির সভাপতি সাজ্জাদ জহির চন্দনসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা ও কর্মী আহত হয়েছেন।
Comments