সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার প্রখ্যাত লেখক অ্যান কারসন
সমকালীন সাহিত্যে নতুন রূপ ও অনন্য মাত্রা যোগ করার স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের মর্যাদাপূর্ণ সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেছেন কানাডার প্রখ্যাত লেখক, কবি ও অনুবাদক অ্যান কারসন। ধ্রুপদি সাহিত্য-ঐতিহ্যের সঙ্গে সৃজনশীল ও আধুনিক সংলাপ স্থাপনের মাধ্যমে সাহিত্যজগতে নতুন ধারা তৈরির জন্য তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।
রয়্যাল সুইডিশ একাডেমি বা নোবেল কমিটির মূল্যায়ন অনুযায়ী, অ্যান কারসনের সাহিত্যকর্ম অত্যন্ত সাহসী, দূরদর্শী এবং অভিনব চিন্তার এক অপূর্ব সংমিশ্রণ।
১৯৫০ সালে কানাডার টরন্টোতে জন্মগ্রহণকারী অ্যান কারসনের বর্ণাঢ্য সাহিত্যজীবনে লেখালেখির পাশাপাশি অনুবাদকর্ম ও শিক্ষকতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান জুড়ে রয়েছে। দীর্ঘ সময় ধরে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার পাশাপাশি প্রাচীন গ্রিক সাহিত্য নিয়ে নিবিড় গবেষণা করেছেন। ১৯৮১ সালে ক্লাসিকস বা ধ্রুপদি সাহিত্য বিষয়ে তাঁর ডক্টরেট গবেষণাপত্র 'Odi et Amo Ergo Sum' প্রকাশিত হয়।
শব্দের উৎপত্তি ও ব্যুৎপত্তি নিয়ে গভীর গবেষণা তাঁর লেখার অন্যতম মূল ভিত্তি। প্রাচীন গ্রিক ভাষা থেকে করা তাঁর অনবদ্য অনুবাদগুলো নিছক অনুবাদ না হয়ে স্বতন্ত্র ও শক্তিশালী সাহিত্যকর্ম হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক খ্যাতি অর্জন করেছে।
প্রাচীন গ্রিক কবি স্যাফোর খণ্ডিত কবিতা নিয়ে অ্যান কারসনের সাড়া জাগানো কাজ 'If Not, Winter' প্রকাশিত হয় ২০০২ সালে। এর পাশাপাশি তিনি গ্রিক ট্র্যাজেডির দুই মহান নাট্যকার সোফোক্লিসের 'Electra' ও 'Antigone' এবং ইউরিপিদিসের 'Bakkhai' অসাধারণ মুন্সিয়ানায় অনুবাদ করেছেন।
তবে কারসনের সাহিত্যকীর্তি কেবল অনুবাদের গণ্ডিতে সীমাবদ্ধ নয়; প্রাচীন ধ্রুপদি সাহিত্যকে নিজস্ব আধুনিক অভিজ্ঞতা, অনুভূতি এবং ভাষার জাদুকরি ছোঁয়ায় মিশিয়ে তিনি তৈরি করেছেন এক সম্পূর্ণ নতুন ও ব্যতিক্রমী সাহিত্যিক রূপ।
Comments